Published : 05 Apr 2026, 09:20 PM
কেরানীগঞ্জে গ্যাস লাইটারের কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর মামলায় ইমান উল্লাহ প্রকাশ মাস্তানকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্নার আদালত এ আদেশ দেয়।
সোমবার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানির দিন রাখা হয়েছে।
প্রসিকিউশন পুলিশের এসআই মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলীর আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত ‘মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে’ আগুন লাগে। এতে ছয় জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
পরে এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. জুয়েল রানা তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার বাকি দুই আসামি হলেন, কারখানার মালিক মো. আকরাম উল্লাহ আকরাম এবং তার ছেলে আহনাফ আকিফ আকরাম। ইমান উল্লাহ প্রকাশ মাস্তান তাদের আত্মীয় বলে পুলিশ জানিয়েছে।
মামলা হওয়ার ইমান উল্লাহকে (৫০) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো.রফিকুল ইসলাম। তবে তদন্ত কর্মকর্তা রিমান্ড শুনানিতে হাজির হননি। এজন্য আদালত তাকে কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ঠিক করেন।
মামলায় বলা হয়, আসামিরা জনবহুল এলাকায় অবৈধভাবে ৮-১০ বছর আগে কারখানা বসায়। তারা ৫০ থেকে ৬০ জন শিশু, নারী ও পুরুষ শ্রমিক নিয়ে কারাখানা চালিয়ে আসছিল। একাধিকার কারখানাটি সিলগালাও করা হয়। কিন্তু আসামিরা পেশী শক্তি ব্যবহার করে পুনরায় কারখানার ফটকে তালা মেরে ভেতরে লুকিয়ে লুকিয়ে কারখানা চালিয়ে আসছিল।