Published : 19 Oct 2025, 07:47 PM
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পর্ণোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন গ্রুপ, এডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
এ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।
‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ সংক্রান্ত কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রোববার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন।
আদেশে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনারকে একজন ‘চৌকস ও দক্ষ তদন্ত কর্মকর্তা’ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে পাওয়া তথ্য ও ঘটনার আলোকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়ে বিচারক তদন্ত কর্মকর্তাকে প্রতি ১৫ দিন অন্তর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন।
একই সঙ্গে এসব প্রতিবেদনের প্রতিবেদকদের তদন্তকালে সহযোগিতা করার নির্দেশ দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।
প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান আদালতের আদেশের এসব তথ্য দেন।
শনিবার দৈনিক মানবজমিনে ‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পরে তা আরও কয়েকটি সংবাদমাধ্যমে প্রচারিত হয়। প্রতিবেদনটি ফেইসবুকসহ সোশালমিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার ও আলোচনা তৈরি করে।
রোববার তা জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ও ফৌজদারী কার্যবিধির ১৯০ (১) (সি) ধারায় তা এ আদালতের নজরে আসায় এবং জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনায় বিচারক এ আদেশ দেন।