Published : 04 Mar 2026, 09:09 PM
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকে সেবা নিতে আসা জনসাধারণের ফাইল অযথা আটকে রাখলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
তিনি বলেন, “জনগণ রাজউকের কাছে তাদের প্রয়োজন নিয়ে আসেন, অনুগ্রহ চাইতে নয়। কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। প্রতিটি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণ যাতে বারবার অফিসে ঘুরতে বাধ্য না হন, তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।”
বুধবার রাজউকের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বক্তব্য রাখছিলেন।
জাকারিয়া তাহের বলেন, “রাজউক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। ফাইলের দীর্ঘসূত্রতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতা-এসব বিষয় আমাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
“এই অবস্থা পরিবর্তন করতেই হবে এবং এখনই করতে হবে। যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় দেওয়া হবে না।”
সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে আশ্বস্ত করেন তিনি।
একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর রাজউক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “সরকার দুর্নীতি ও হয়রানিমুক্ত করে রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়।”
রাজউক আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, রাজউক সদস্য মোহাম্মদ বশিরুল হক ভুঁইয়া, শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম।