১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিপিএসএসি: ‘প্রক্সি দিয়ে’ লিখিত-মৌখিক পার হয়ে যোগদানের দিন ধরা

প্রবেশপত্রের ছবি ও মৌখিক পরীক্ষার ভিডিওর সঙ্গে উপস্থিত ব্যক্তির চেহারার মিল না পেয়ে সন্দেহের জন্ম হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 03:39 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের ‘অফিস সহায়ক’ পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করে চাকরিতে যোগাদানের দিন ধরা পড়েছেন এক ব্যক্তি। 

বিজ্ঞপ্তিতে বিপিএসসি জানিয়েছে, মঙ্গলবার সচিবালয়ে যোগদানের সময় সন্দেহ হওয়ায় মো. রিটন হোসেনকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এজাহারও দায়ের করা হয়েছে।

আটক রিপনের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়; তার পরীক্ষার রোল নম্বর ছিল ২১০১১৮৭।

চাকরিতে যোগদানের জন্য মঙ্গলবার বিপিএসসি সচিবালয়ে উপস্থিত হন রিপন। 

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই করতে গিয়ে প্রবেশপত্রের ছবি ও ক্লোজড সার্কিট ক্যামেরায় রেকর্ড করা মৌখিক পরীক্ষার ভিডিওর সঙ্গে উপস্থিত ব্যক্তির চেহারার মিল দেখতে না পেয়ে সন্দেহ করেন।

বিষয়টি উপপরিচালক শোভন সমাদ্দার ও উপসচিব ওয়াসিমুল বারীকে জানানো হয়। 

পরে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত রিপন স্বীকার করেন যে, তিনি লিখিত ও মৌখিক পরীক্ষার কোনোটিতেই নিজে অংশ নেননি।