১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে প্রাণহানিতে ইউনিসেফের উদ্বেগ

ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারকে জীবনরক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা দিতে তারা প্রস্তুত বলে তথ্য দিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 10:22 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারের উখিয়ায় পাঁচ নম্বর রোহিঙ্গা শিবিরে বুধবার পাহাড় ধসে ৫ শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা-ইউনিসেফ।  

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রাণহানির খবর তুলে ধরে গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি। 

ইউনিসেফ বলছে, “ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির মাত্রা নির্ণয় করা হচ্ছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি শিশু, তাদের পরিবার এবং সবার জন্য আমাদের আন্তরিক সমবেদনা রইল। গত ৭ জুলাই ক্যাম্পে আকস্মিক বন্যা ও ভূমিধসে শিশুসহ ৯ জন মানুষের প্রাণহানির ঠিক একদিন পরই এই দুঃখজনক ঘটনাটি ঘটল। 

বর্ষা মৌসুম অতি নাজুক পরিবেশে বসবাসকারী শিশু ও তাদের পরিবারের জন্য কতটা ঝুঁকি নিয়ে এসেছে, তা একের পর এক এমন জরুরি অবস্থা আমাদের সামনে তুলে ধরেছে।” 

ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় রোহিঙ্গা শিবিরগুলোতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। এতে শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য প্রাণহানির ঝুঁকি সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রেও বিঘ্ন তৈরি হচ্ছে বলে তথ্য দেয় ইউনিসেফ।  

সংস্থাটি বলছে, “ইউনিসেফ ও আমাদের অংশীজনেরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা দিতে সরকার ও মানবিক সহায়তা দেওয়া অংশীজনদের সঙ্গে সমন্বয় করছে। ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারকে জীবনরক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা দিতে আমরা প্রস্তুত। তাদের কী কী প্রয়োজন, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।”

আরও পড়ুন     

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৫: ‘ছাত্রীরা কোরআন পড়ছিল, মুহূর্তেই সব শেষ’

একরাতে নয়জনের প্রাণহানি: ‘মৃত্যু বুকে নিয়েই ঘুমায়’ সাড়ে ৩ লাখ রোহিঙ্গা