২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ১১৭ বিলিয়ন ডলার প্রয়োজন: পরিবেশ উপদেষ্টা

“শিক্ষা ব্যবস্থায় জলবায়ু শিক্ষা ও সবুজ দক্ষতা অন্তর্ভুক্ত করা জরুরি,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 03:02 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

জলবায়ু পরিবর্তনের ‘ঝুঁকি মোকাবিলায়’ বাংলাদেশের কর্মপরিকল্পনা এনডিসি ৩.০ বাস্তবায়নে ১১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, এ অর্থের মধ্যে ২৫ দশমিক ৯৫ বিলিয়ন 'শর্তহীন' এবং ৯০ দশমিক ২৩ বিলিয়ন 'শর্তসাপেক্ষ বিনিয়োগ' ধরা হয়েছে।

রোববার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত 'থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশানের’ (এনডিসি ৩.০) এক কর্মশালায় তিনি এ তথ্য দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিবেশ উপদেষ্টা জানান, এ পরিকল্পনায় ২০৩৫ সালের মধ্যে মোট ৮৪ দশমিক ৯২ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাসের 'লক্ষ্য নির্ধারণ করা হয়েছে'।

“এর মধ্যে ২৬ দশমিক ৭ মিলিয়ন টন (৬ দশমিক ৩৯ শতাংশ) শর্তহীনভাবে এবং ৫৮ দশমিক ২ মিলিয়ন টন (১৩ দশমিক ৯১ শতাংশ ) শর্তসাপেক্ষে হ্রাস করা হবে।”

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় যুবসমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, নবায়নযোগ্য শক্তি প্রকল্প, সবুজ উদ্যোক্তা তৈরি, গবেষণা ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তরুণদের যুক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

“স্বাস্থ্য, পানি-স্যানিটেশন, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, কৃষি ও অবকাঠামো খাতকে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব করে তুলতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থায় জলবায়ু শিক্ষা ও সবুজ দক্ষতা অন্তর্ভুক্ত করা জরুরি।”

উপদেষ্টা বলেন, “সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, গবেষক ও নাগরিক সমাজ—সকলের অভিন্ন প্রচেষ্টা ছাড়া টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।”

পরিবেশ সচিব ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ কর্মশালায় বক্তব্য দেন।