২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদের ওপর হামলার বিচার দাবি

বহুমাত্রিক লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলা দিবসে তাকে স্মরণ করেছে গণজাগরণ মঞ্চ। লেখকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে বইমেলায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো পাশে হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। সে বছর ১২ অগাস্ট জার্মানিতে মারা যান তিনি।

ধর্মান্ধতা ও মৌলবাদের বিরুদ্ধে লিখে যাওয়া এই লেখকের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়।

যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বুধবারের সমাবেশ থেকে এই লেখককে স্মরণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই অধ্যাপকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে বাংলা একাডেমীর বর্ধমান হাউজের সামনে অবস্থিত তথ্যকেন্দ্রের সামনে মানববন্ধন ও সমাবেশ করে লেখক প্রকাশক পাঠক ফোরাম।

বিচার নিয়ে সংশয়

হুমায়ুন আজাদের ওপর হামলার বিচার নিয়ে সংশয়ে রয়েছে তার পরিবার।

ঘটনার পর নয় বছর পার হলেও বিচার প্রক্রিয়ায় আশানুরূপ অগ্রগতি না আসায় ক্ষোভ প্রকাশ করেন লেখকের বড় মেয়ে মৌলি আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আব্বুর ওপর হামলার বিচার চাইতে চাইতে আমরা ক্লান্ত। কিন্তু এখনো সে বিচার পাইনি। বর্তমান সরকার মেয়াদে এই বিচার হতে হবে।

“সরকার পরিবর্তন হলে আমরা আর বিচার পাব কি না তা নিয়ে আমাদের সংশয় রয়েছে।”

মামলার পলাতক আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধি চর্চার পক্ষের এই সরকার আমলে আমরা বিচার দেখতে চাই।”

 ঢাকার একটি আদালতে হুমায়ুন আজাদ হত্যামামলায় বর্তমানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ চলছে। গত বছরের ১০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। তদন্তে অভিযোগের প্রমাণ না পাওয়ায় আসামির তালিকা থেকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বাদ দেয়া হয়, যদিও হামলার পর হুমায়ুন আজাদ নিজেই তাকে দায়ী করেছিলেন।

এ মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- মো. মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম ওরফে হাসিম, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন ওরফে সাবু, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেল।

অভিযুক্তরা সবাই নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা। এ মামলার অন্যতম আসামি নূর মোহাম্মদ শামীম ওরফে সাবু পলাতক আছেন।

প্রথমে একটি একটি হত্যাচেষ্টা মামলা হলেও গত বছর সম্পূরক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে এটি হত্যামামলায় পরিণত হয়।