‘সময় এসেছে ঘরে ঘরে দুর্গ গড়ার’
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ব্লগার আহমেদ রাজিব হায়দার ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ’।
তিনি বলেন, “সময় এসেছে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার। একাত্তরের মত আবারও গর্জে উঠুন। জামায়াত-শিবিরকে খুঁজে বের করার এখনি সময়। এ গর্জে উঠা কোন খুনের জন্য নয়। গর্জে উঠতে হবে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি বাস্তবায়নের জন্য।”
মিরপুরের পলাশ নগরের নিজ বাসার সামনেই শুক্রবার রাতে খুন হন শাহবাগ আন্দোলনের কর্মী রাজীব। জামায়াত-শিবির তাকে হত্যা করেছে বলে তার সহযোদ্ধা ও স্বজনরা জানিয়েছেন।
শনিবার ১৪ দল আয়োজিত পূর্বঘোষিত গণপথযাত্রা শুরুর আগে গাজীপুরের টঙ্গির আনারকলি সিনেমা হলের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন বলেন, “আমাদের ভাই রাজিব কেন খুন হলো? এটা আমাদের জিজ্ঞাসা। শাহবাগের তরুণ সমাজকে আমরা সমর্থন করি।”
শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া বলেন, শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেই পদক্ষেপ শাহবাগ চত্বরে নতুন প্রজন্ম গণজাগরণ সৃষ্টি করে যথার্থ প্রমান করেছে।
কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “আমার ভাই ব্লগার রাজিব নতুন প্রজন্মের যুদ্ধ শুরু করেছিল। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
“১৯৭১ এর ১৬ ডিসেম্বরের আগে এমনি করে আলবদর ও রাজাকাররা আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করেছিল। কিন্তু এভাবে আমাদের বিজয়কে, স্বাধীনতাকে রুখতে পারে নাই। আমাদের শ্রেষ্ঠ সন্তানদের আমরা উৎসর্গ করেছি। পাকিস্থানি সেনারা সোহরাওয়ার্দী উদ্যানে নাক ঘষে আমাদের কাছে পরাজয় মেনেছে।”
গাজীপুরের টঙ্গি থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
