ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বেসামরিক বাংলাদেশিদের নির্যাতনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দোষী সদস্যদের বিচার করার আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সোমবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে বেসামরিক মানুষকে হয়রানি, নির্যাতন ও বিনা বিচারে হত্যার ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বিএসএফ সদস্যরা। স¤প্রতি পশ্চিমবঙ্গ সীমান্তে এক বাংলাদেশির ওপর তাদের বর্বর নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটভিত্তিক ভিডিও সাইট ইউটিউবে প্রকাশ পেয়েছে।
স¤প্রতি ছত্তিশগড়ে এক স্কুল শিক্ষিকাকে যৌন নির্যাতনের ঘটনা তদন্ত করার প্রতিবাদে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ভারত সরকার মেডেল দিয়ে পুরস্কৃত করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে যে, বিএসএফ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। লাগামহীন অত্যাচার-নিপীড়নের এই চিত্র ভিডিওতে উঠে আসায় সে বিষয়টিই প্রমাণিত হয়েছে।”
তিনি বলেন, “ভারত সরকার সীমান্তে বিএসএফের এসব অত্যাচার-নিপীড়নের কথা ভালোভাবেই জানে। কিন্তু কখনোই দোষীদের বিচারের মুখোমুখি করেনি তারা। ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী আইনের উর্ধ্বে কি না- এবারের ভিডিও প্রকাশের ঘটনায় তার পরীক্ষা হয়ে যাবে।”
২০১০ সালের ডিসেম্বর মাসে কলকাতাভিত্তিক বেসরকারি সংস্থা বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) এবং ঢাকাভিত্তিক সংস্থা অধিকারকে সঙ্গে নিয়ে ‘ট্রিগার হ্যাপি: এক্সেসিভ ইউজ অব ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দি বাংলাদেশ বর্ডার’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে এইচআরডব্লিউ।
বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চই ইউটিউবে বিএসএফের নির্যাতনের ভিডিওটি প্রকাশ করে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের হাবিবুর রহমান (২২) গত ৯ ডিসেম্বর রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্ত দিয়ে গরু আনার সময় বিএসএফের নির্যাতনের শিকার হন। ঘুষ দিতে রাজি না হওয়ায় ওই বাংলাদেশিকে নির্দয়ভাবে পেটায় বিএসএফের সদস্যরা। তার জননাঙ্গে পেট্রোলও ঢেলে দেওয়া হয়।
ওই ঘটনায় ধারণ করা ভিডিওটি ১৮ জানুয়ারি ইন্টারনেটে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভারত সরকার। ওইদিনই আট জওয়ানকে সাময়িক বরখাস্ত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
ঢাকার মানবাধিকার সংগঠন নাগরিক আন্দোলনের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে বিএসএফে হাতে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। একই সময়ে বিএসএফের গুলিতে আহত হয় হয় ৯৮৭ জন, অপহৃত হয় অন্তত এক হাজার মানুষ।
‘ট্রিগার হ্যাপি: এক্সেসিভ ইউজ অব ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দি বাংলাদেশ বর্ডার’ প্রতিবেদনে বিএসএফের হাতে বিপুল সংখ্যক বাংলাদেশি হত্যা, নির্যাতন ও বিনা বিচারে আটকে রাখার ঘটনা নথিভূক্ত করার পাশাপাশি ওইসব ঘটনার তদন্ত ও জড়িতদের বিচার করার ব্যাপারে ভারত সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরা হয়।
ওই প্রতিবেদন প্রকাশের পর সীমান্তে ‘প্রাণঘাতী নয়’- এমন অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এতে বিএসএফের গুলিতে নিহতের সংখ্যা কমে এলেও অত্যাচার ও নিপীড়নের ঘটনা কমেনি।
হাবিবুর রহমানের ওপর নির্যাতনের ঘটনায় আট সদস্যকে বরখাস্ত করা হলেও তাদের বিরুদ্ধে মামলা না হওয়ায় মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটে, তখনই সরকার পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। কিন্তু গোপন বিচার ও বরখাস্ত-বদলিতে অত্যাচার শেষ হবে না।”
“নির্যাতন একটি গুরুতর অপরাধ। এর বিচার আদালতেই হওয়া উচিত”, যোগ করেন তিনি।
নির্যাতনের জন্য দায়ী বিএসএফ সদস্যদের বিচার না হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য ভারতীয় বাহিনীর মধ্যেও নির্যাতনের প্রবণতা ছড়িয়ে পড়ছে বলে মনে করে এইচআরডব্লিউ।
পুলিশের নির্যাতন
ভারতের ছত্তিশগড় রাজ্যের স্কুলশিক্ষিকা সোনি সোরি ২০১১ সালের অক্টোবর মাসে অভিযোগ করেন, মাওবাদীদের সমর্থনকারী সন্দেহে গ্রেপ্তারের পরে তার ওপর নির্যাতন ও যৌন নিপীড়ন চালিয়েছে পুলিশ।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশের পরও এই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্য পুলিশের হেফাজতে পাঠায় আদালত।
আর হেফাজতে পুলিশ সুপার অঙ্কিত গার্গের নির্দেশ নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন সোনি। এ অভিযোগের ভিত্তিতে শারীরিক পরীক্ষার জন্য সোনিকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করতে বলে ভারতীয় সুপ্রিম কোর্ট। গত নভেম্বরে মেডিকেল পরীক্ষায় সোনির অভিযোগের সত্যতা মেলে।
এইচআরডব্লিউ বলেছে, ভারতীয় কর্তৃপক্ষ এরপরেও ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ওই পুলিশ কর্মকর্তাকে ‘সাহসিকতার জন্য’ পদক পরিয়ে দেন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল।
সোনির আইনজীবীদের একজন এইচআরডব্লিউকে বলেছেন, বর্তমানে ছত্তিশগড়ের রাইপুর কারাগারে আটক তার মক্কেল পর্যাপ্ত চিকিৎসা সেবাও পাচ্ছেন না।
মানবাধিকার কর্মী মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “সোনি সোরির ঘটনাটিই প্রমাণ করে, ভারতে নির্যাতিতরা পরবর্তীতেও কতোটা নির্মমতার মুখোমুখি হন। ভারত সরকার নির্লজ্জভাবে এ ধরনের নির্যাতনে জড়িতদের পদক দিচ্ছে, আর নির্যাতিতদের চিকিৎসা পেতেও হয়রানির শিকার হতে হচ্ছে।”
‘নির্যাতনবিরোধী চুক্তি’ অনুমোদনের আহ্বান
নির্যাতন প্রতিরোধে ভারত সরকারকে ‘কনভেনশন অ্যাগেইনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট’- এ স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন এইচআরডব্লিউ।
এছাড়া রাজ্যসভায় অনুমোদনের অপেক্ষায় থাকা প্রিভেনশন অব টর্চার আইনটিও কার্যকর করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
এ আইন কার্যকর হলে মানবাধিকার লঙ্ঘনকারী সরকারি কর্মকর্তাদের দায়মুক্তির সুযোগ বন্ধ হয়ে যাবে। এছাড়া নির্যাতিতকে অভিযোগ দাখিলের জন্য পর্যাপ্ত সময় এবং যে কোনো অমানবিক ও অপমানজনক নির্যাতনের ঘটনাকে আইনের আওতায় নিয়ে আসার পথ তৈরি হবে।
“বিএসএফ ও ভারতীয় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নির্যাতন করেও দায়মুক্তি পেয়ে যাচ্ছে। দিল্লীর কেন্দ্রীয় সরকার কবে জেগে উঠবে? কবে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ইতি টানার পদক্ষেপ নেবে”, বলেন মীনাক্ষী গাঙ্গুলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেআর/কিউএইচ/জেকে/১৫৫২ ঘ.
bdnews24