বাগেরহাট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী সাদিয়া নওরীন প্রিয়াঙ্কা হত্যা মামলার পলাতক আসামি জাহিদুল হক রিন্টুকে (২৮) শনিবার মধ্যরাতে জেলার ফকিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা আলম খানের নেতৃত্বে একটি দল ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শাজাহান নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রিন্টু নিহত প্রিয়াঙ্কার মামা। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার চিত্রা গ্রামের এনায়েত হোসেনের ছেলে।
রোববার ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, আটক রিন্টু ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের মেধাবী ছাত্রী সাদিয়া নওরীন প্রিয়াঙ্কা (২০) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি এবং প্রিয়াংকার আপন মামা। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের একটি দল ফকিরহাট থানা পুলিশের সহযোগিতায় শনিবার মধ্যরাতে বালিয়াডাঙ্গা গ্রামের শাজাহানের বাড়িতে অভিযান চালিয়ে রিন্টুকে গ্রেপ্তার করে।
সিআইডি কর্মকর্তা আলম খান জানান, ২০০৭ সালের ১৯ জুলাই ঢাকার মগবাজার এলাকায় বিডিআর কর্মচারি সুলতান ফারুকের মেয়ে প্রিয়াঙ্কা খুন হন। জাহিদুল হক রিন্টুর বিরুদ্ধে অভিযোগ, বাসায় একা থাকার সুযোগে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে প্রিয়াঙ্কাকে হত্যা করেন তিনি।
সিআইডি কর্মকর্তা জানান, এই ঘটনায় সুলতান ফারুক শ্যালক রিন্টুকে প্রধান আসামি করে ওই দিনই রমনা থানায় হত্যা মামলা দায়র করেন। হত্যাকাণ্ডের কিছুদিন আগে প্রিয়াঙ্কার বাবা রিন্টুকে বিভিন্ন অভিযোগে বাড়ি থেকে বের করে দেন। প্রতিশোধ নিতে রিন্টু প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে তিনি জানান।
তিনি জানান, রিন্টুকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সোমবার রিমান্ড শুনানি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24