২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

পুলিশ ও বিডিআর সদস্যরা মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে বোমা, ককটেল, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিডিনিউজ সিলেট প্রতিনিধি জানান, বিডিআর সদস্যরা সোমবার মধ্যরাতে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে একটি বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করেছে।

বিডিআর সূত্র জানায়, ২১ রাইফেল ব্যাটেলিয়নের একটি দল কানাইঘাটের লোভাছড়া বাগান সংলগ্ন সীমান্ত এলাকায়  টহল দেওয়ার সময় সীমান্ত রেখার কাছে কয়েকজন অজ্ঞাত লোককে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে বিডিআর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হাতবোমা, দু’টি ডেটোনেটর, চারটি ফিউজ ও তিন প্যাকেট বিস্ফোরক উদ্ধার করে।

রাজশাহী প্রতিনিধি জানান, পুলিশ নগরীর বিনোদপুর এলাকা থেকে মঙ্গলবার বিকেলে একটি তাজা বোমা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বিনোদপুর এলাকার একটি পুকুরে গোসল করার সময় স্থানীয় একটি ছাত্রাবাসের ছাত্ররা পুকুরপাড়ে বোমাটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শক্তিশালী এ বোমাটি উদ্ধার করে।

এ ঘটনার পর এলাকায় চরম আতংক বিরাজ করছে।

বিডিনিউজের কলাপাড়া প্রতিনিধি জানান, শহরের কলেজ রোডের একটি কাপড়ের দোকান থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, হাজী ক্লথ স্টোরের এক কর্মচারি বিকেল সাড়ে ৪টার দিকে মালামাল গোছানোর সময় বোমাটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পুলিশ গিয়ে জর্দ্দার কৌটায় রক্ষিত সাদা টেপে মোড়ানো শক্তিশালী এ বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখে।

এ ঘটনার পর শহরের দোকানপাটগুলোতে আতংক ছড়িয়ে পড়ে।

ভৈরব প্রতিনিধি জানান, ভৈরব বাজারের বঙ্গবন্ধু গেইট সংলগ্ন একটি ভাঙ্গারী দোকান থেকে পুলিশ মঙ্গলবার সকালে তিনটি তাজা ককটেল এবং ভৈরব বাসস্ট্যান্ড থেকে একটি বোমা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নরসিংদীর রায়পুরা থানার কুড়েরপাড় এলাকার চম্পা নামের এক কাগজ কুড়ানি মহিলা অন্যান্য ভাঙ্গারী মালামালের সাথে কুড়িয়ে পাওয়া তিনটি তাজা ককটেলকে লোহালক্কর মনে করে বিক্রির জন্যে ভৈরবের একটি ভাঙ্গারীর দোকানে নিয়ে আসে। দোকানদার বোরহান টেপ দিয়ে মোড়ানো বস্তু তিনটিকে ককটেল মনে করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ দোকান থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে পুলিশ সকাল ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের টয়লেট সংলগ্ন একটি রুমের চৌকির নিচ থেকে জেএমবি’র লিফলেটসহ একটি তাজা বোমা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বাসস্ট্যান্ডের কর্মচারিরা বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে।

এদিকে বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, শহরের কালীবাজার এলাকার এক নম্বর গলি থেকে র‌্যাব--১০ মঙ্গলবার সকাল ৭টার দিকে চারটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করে। প্রথমে তারা এগুলোকে শক্তিশালী টাইম বোমা হিসেবে ভাবলেও পরে বোমা বিশেষজ্ঞ দল এসে দেখতে পায়, লাল টেপ মোড়ানো ওই জিনিসগুলোতে আসলে বালি ভর্তি করা।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, আতঙ্ক সৃষ্টির জন্যে কেউ একাজ করেছে।