Published : 29 Jun 2026, 05:35 PM
চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে বুধবার; ইতোমধ্যে ৭৩ হাজার হাজি হজ পালন শেষে দেশে ফিরেছেন।
এ বছর সৌদি আরবে হজে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ বুলেটিনের জানানো হয়েছে।
সেখানে জানানো হয়, রোববার রাত ২টা পর্যন্ত মোট ২০৪টি ফ্লাইট হাজিদের নিয়ে দেশে এসেছে। এসব ফ্লাইটে সরকারি মাধ্যমের ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি মাধ্যমের ৬৮ হাজার ৬১৭ জন হাজি দেশে ফিরেছেন।
এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৩৩ হাজার ৪৮৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৬৯টি ফ্লাইটে ২৫ হাজার ১২৮ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৭টি ফ্লাইটে ১০ হাজার ২৬০ জন দেশে এসেছেন।
এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ৪ হাজার ২০০ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১ হাজার ৬৭৬ জন এবং বুধবার এ বছরের শেষ হজ ফ্লাইট হিসেবে বিমানের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরার কথা রয়েছে।
এ বছর হজ হয় গত ২৬ মে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই শেষ হচ্ছে।
সৌদি আরবে এ বছর এখন পর্যন্ত যে ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ এবং মদিনায় ১৭ এবং জেদ্দায় একজন মারা গেছেন। আর, মিনা, আরাফা, মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর তথ্য নেই।
সবশেষ গেল মঙ্গলবার বাগেরহাটের শরণখোলার বাসিন্দা খলিলুর রহমান মদিনায় অবস্থানকালে মারা যান। ৬৬ বছর বয়সী খলিলুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গেল ১৯ মে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান।
গেল বছর হজে গিয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে হজে গিয়ে ১২১ জন হাজি ও হজযাত্রী মারা যান, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
ধর্ম মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৬৭টি হাজার ১৩৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া, ৪১৫ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে সাত জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।
এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির আওতায় সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজের কার্যক্রমে অংশ নেন।
গত ১৮ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে প্রথম প্রাক হজ ফ্লাইট ঢাকা ছাড়ে এবং শেষ ফ্লাইট পৌঁছায় ২১ মে।
এ বছর ঢাকা বিভাগ থেকে সবচেয়ে বেশি ২৮ হাজার ৩৯৪ জন হজে গিয়েছেন, আর, বরিশাল বিভাগ থেকে সর্বনিম্ন ২ হাজার ৭১৪ জন হজে গিয়েছেন। হজযাত্রীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ, ৩৫ শতাংশ নারী।