১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আকুর দায় মিটিয়ে রিজার্ভ ২০ বিলিয়নের নিচে

দুই মাসে আকুর বিল পরিশোধে গেছে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 08:48 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) ফের ২০ বিলিয়নের নিচে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই মাসে আকুর বিল পরিশোধে গেছে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। 

“তাতে বিপিএম৬ পদ্ধতি (আইএমএফ) অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলার। আর ‘গ্রস’ রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারের চেয়ে সামান্য কম।”

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ৬ মার্চ রিজার্ভ ছিল ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক রিজার্ভের তিন ধরনের পরিসংখ্যান সংরক্ষণ করে থাকে। একটি মোট রিজার্ভ, যা বিভিন্ন তহবিল নিয়ে গঠিত; দ্বিতীয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী রিজার্ভ এবং তৃতীয়টি ব্যবহারযোগ্য রিজার্ভ।

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় আকু। 

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের ভৌগোলিক সীমারেখায় অবস্থিত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য আকুর সদস্যপদ উন্মুক্ত। এর সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে।

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ-এই নয়টি দেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য ছিল। 

তবে রিজার্ভ সংকটে পড়ে ২০২২ সালের অক্টোবর মাসে আকু থেকে বেরিয়ে যায় শ্রীলঙ্কা।

আকুর সদস্য দেশগুলো নিজেদের মধ্যে যে আমদানি-রপ্তানি করে, তার দায় ২ মাস পর পর সমন্বয় করে। প্রতি দুই মাস অন্তর গড়ে সোয়া এক বিলিয়ন ডলারের মত দায় শোধ করে আসছে বাংলাদেশ ব্যাংক।