০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দুদকে আসাদুজ্জামান কমিশনের যাত্রা শুরু

দুদক আইন অনুযায়ী, যোগ দেওয়ার দিন থেকে চেয়ারম্যান ও দুই কমিশনার পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 12:57 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে বুধবার দুর্নীতি দমন কমিশনের যাত্রা শুরু হল। 

সকাল ৯টার দিকে দুদকের নতুন চেয়ারম্যান আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুদক কার্যালয়ে যান।

পরে সকাল ১০টায় তারা দুদকের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় দুদক সচিব সাইদুর রহমান, মহাপরিচালকসহ উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদকের আগের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ গত ৩ মার্চ পদত্যাগ করেন। এরপর ১৬৬ দিন নেতৃত্বশূন্য থাকার পর গেল সোমবার নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার পায় দুদক। ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারা অনুযায়ী তিনজনকে প্রথমে কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। পরে একই আইনের ৫(১) ধারা অনুযায়ী বিচারপতি আসাদুজ্জামানকে তাদের মধ্য থেকে চেয়ারম্যান করা হয়েছে।

দুদক আইন অনুযায়ী, যোগ দেওয়ার দিন থেকে তারা পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।

নতুন চেয়ারম্যানের পরিচয়

এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি অবসরে যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৮৩ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন তিনি। ১৯৮৫ সালে হাই কোর্টে এবং ২০০১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালের ২৭ অগাস্ট তিনি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। ২০০৫ সালের ২৭ অগাস্ট স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৫ সালের ২৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।