১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভার্টিক্যাল ড্রিমার্সের আল্ট্রা ম্যারাথন এবার আলীকদম-পোয়ামুহুরী সড়কে

এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের নানা প্রান্তের প্রায় ৪৫০ দৌড়বিদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

বান্দরবানের আলীকদম-পোয়ামুহুরী সড়কে আল্ট্রা ম্যারাথান আয়োজন করেছে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’।

তৃতীয়বারের মত এই আয়োজন আগামী ৫ ডিসেম্বর হতে হচ্ছে বলে সংগঠনটির সভাপতি ফরহান জামান জানিয়েছেন।

এবারের ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা: এডিশন ৩’ হবে বান্দরবানের আলীকদম-পোয়ামুহুরী সড়কের কুরুকপাতা পর্যন্ত অংশে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘বন্যপ্রাণীর জন্য, পৃথিবীর জন্য’।

এর আগে ২০২৩ সালের আয়োজনটি হয়েছিল আলীকদম-ডিম পাহাড়-থানচি সড়কে। আর গত বছরের আয়োজন ছিল বান্দরবান-চিম্বুক সড়কে।

ফরহান জামান বলেন, “দেশের বনাঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের ব্যাপারে সচেতনতা তৈরিতে শুরু থেকেই মুখর সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজনটির ইভেন্ট ওয়াল। আয়োজনের নানান প্রতীকে ব্যবহার করা হয়েছে এই দেশের বিরল পাখি রাজধনেশের অবয়ব।

“আকর্ষণীয় ঠোঁটের এই পাখি আমাদের পাহাড়ি বনের আবাসিক পাখি। একসময় পাহাড়ে নিয়মিতই এটি দেখা গেলেও এখন এরা সংখ্যায় খুবই কম।”

এবারের প্রতিযোগিতায় ২৫ কিলোমিটার এবং ৫২ কিলোমিটার নামে দুই ক্যাটাগরিতে অংশ নেবেন দেশের নানা প্রান্ত থেকে আসা প্রায় ৪৫০ দৌড়বিদ। ম্যারাথনের প্রচলিত দূরত্ব ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার। এর চেয়ে বেশি দূরত্বের যেকোনো দৌড়কে অভিহিত করা হয় আলট্রা ম্যারাথন নামে।

তিনি বলেন, “সদ্য কৈশোর পেরোনো তরুণদের সঙ্গে সত্তরোর্ধ্ব ব্যক্তিরাও অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রতিযোগিতায়। ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে। এই আল্ট্রা ম্যারাথন ইভেন্ট একটি সম্পূর্ণ দাতব্য উদ্যোগ। 

“ইভেন্ট থেকে যা কিছু উদ্বৃত্ত থাকে তা চলে যায় আলীকদম ও লামায় অবস্থিত কয়েকটি বিদ্যালয়ের আদিবাসী শিশুদের শিক্ষার জন্য।”