১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে কুপিয়ে যুবক হত্যা

ঢাকা উদ্যানের বি-ব্লকে নিজ বাসার সামনে এই হত্যার ঘটনা ঘটে, বলেন মোহাম্মদপুর থানার পরিদর্শক মফিজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 11:37 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় এক যুবকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা উদ্যানের বি-ব্লকে নিজ বাসার সামনে এই হত্যার ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান।

নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন ওরফে বাবু (২৬)। এ ঘটনায় তার বাবাও আহত হয়েছেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ বলছে, বি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে কয়েক ব্যক্তি বাবুকে চাপাতি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসা মৃত ঘোষণা করেন।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, টাকা-পয়সার লেনদেন নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। বাসার সামনে একটি মুদির দোকান আছে তাদের। এখানেই প্রথমে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।”

তবে কে কার কাছে কীসের টাকা পাবে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি তুলে ধরে তিনি বলেন, ঘটনার সময় বাবুর বাবাও সেখানে ছিলেন। হামলাকারীরা তার বাবাকে আগে মারার চেষ্টা চালায়। আটকাতে গেলে বাবুকেও মারতে উদ্যত হয় তারা। এক পর্যায়ে বাসার ভেতর ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে গিয়ে কুপিয়ে জখম করে বাবুকে।

হত্যাকাণ্ডে জড়িত রাজিব, সবুজ, রুবেল, মোহনসহ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।