২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির পথে প্রধানমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2024, 12:19 PM

Updated : 15 Feb 2024, 12:54 PM

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি রওনা হন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান।

মিউনিখের হোটেল বায়েরিশার হফে তিন দিনের এই সম্মেলন হবে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। সম্মেলনে প্রায় ৬০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম, সরকারি ও বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রায় পাঁচশ প্রতিনিধি অংশ নেবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।

সফরের বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, শেখ হাসিনার সঙ্গে অন্তত সাত দেশ ও তিন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ১৬ ফেব্রুয়ারি সম্মেলনের উদ্বোধনী আয়োজনে এবং ক্লাইমেট ফিন্যান্স সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

জার্মানির চ্যান্সেলর  ওলাফ শোলৎজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেডরিকসেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা।

পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী ভেনজা শুলজ, বিশ্বব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ এবং মেটার গ্লোবাল এফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

জার্মান প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি নাগরিক সংবর্ধনাতেও উপস্থিত থাকবেন সরকারপ্রধান।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও উচ্চপদস্থ কর্মকর্তারা। সফর শেষে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ থেকে রওনা হয়ে পরদিন ১৯ ফেব্রুয়ারি তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।