১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গণমাধ্যম কমিশনের কাঠামো নির্ধারণে পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব তথ্যমন্ত্রীর

সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন, গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলছেন জহির উদ্দিন স্বপন।

গণমাধ্যম কমিশনের কাঠামো নির্ধারণে পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে রোববার ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 06:39 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে একটি পরামর্শক কমিটি তৈরির প্রস্তাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

রোববার ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক সভায় মন্ত্রী

বলেন, “অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে; যারা একটি গ্রহণযোগ্য ও কার্যকর গণমাধ্যম কমিশনের কাঠামো নির্ধারণে কাজ করবে। সম্পাদক পরিষদ, সাংবাদিক সংগঠন, গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”

বাংলাদেশের প্রেক্ষাপটেও গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার প্রশ্নটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ মন্তব্য করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সেই অবস্থান থেকে একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে চায়।

“বর্তমান বিশ্বে গণমাধ্যম একটি জটিল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ ও সংকটপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের জীবনঝুঁকি যেমন বেড়েছে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে তথ্য প্রবাহের চরিত্রও দ্রুত বদলে যাচ্ছে। ফলে গণমাধ্যমকে ঘিরে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবিলায় প্রচলিত চিন্তাধারা দিয়ে আর এগোনো সম্ভব নয়।”

সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপে বিশ্বাস করে না মন্তব্য করে জহির উদ্দিন স্বপন নির্ভীক, বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে রোববার ঢাকার অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। ছবি: পিআইডি 

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে রোববার ঢাকার অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী

মন্ত্রী তার বক্তব্যে ‘ভুয়া’ তথ্য ও অপতথ্যের বিস্তার মোকাবিলায় প্রতিটি গণমাধ্যমে শক্তিশালী ‘ফ্যাক্ট-চেকিং মেকানিজম’ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। 

তিনি বলেন, “তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয় এবং এ ক্ষেত্রে প্রতিষ্ঠানভিত্তিক কাঠামো গড়ে তোলা জরুরি। গণমাধ্যম কেবল একটি ব্যবসা বা শিল্প নয়; এটি রাষ্ট্র ও সমাজের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই খাতকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

অন্যদের মধ্যে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল বক্তব্য দেন।

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে সকালে অফিসার্স ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে তথ্য ভবনে শেষ হয়।