Published : 02 Jun 2026, 06:48 PM
ঢাকার আদ-দ্বীন হাসপাতালে এক রাতে মারা যাওয়া ছয় শিশুর ময়নাতদন্ত না হলে মামলার বিবাদীপক্ষ ‘লাভবান’ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
এ শিশুদের ময়নাতদন্ত না করায় মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে কিনা, এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “ময়নাতদন্ত না হলে মামলার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। অভিভাবকদের উচিত ময়নাতদন্ত করিয়ে নেওয়া। ময়নাতদন্ত ছাড়া কোনো মামলা হলে বিচার কাজে এর ‘বেনিফিটটা’ আসামি পক্ষ পেয়ে থাকে। এজন্য ময়নাতদন্ত করে ফেলা উচিত।”
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনা ছাড়াও তিনি সীমান্তে লোকজনকে ঠেলে দেওয়ার চেষ্টা ও সীমান্ত হত্যার বিষয়ে প্রশ্নের জবাব দেন।
ঈদের আগের দিন বুধবার ভোরের দিকে ওই হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যু হয়।
এসি থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়েছিল বলে কথা উঠলেও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এসিতে কোনো ত্রুটি ছিল কি না, হাসপাতাল কর্তৃপক্ষও তা বলতে পারেনি।
আদ-দ্বীন হাসপাতাল নির্ধারিত বিল্ডিং কোড এবং স্বাস্থ্যসেবা–সংক্রান্ত অবকাঠামোগত মানদণ্ড পুরোপুরি মেনে চলছিল কি না, সেই প্রশ্নও এখন সামনে আসছে।
ঘটনাস্থল ঘুরে দেখার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেছিলেন, “ভোরে এই রুমটিতে এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক ওখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি।
“ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে, এসিটি বন্ধ করলে ওখানে আর ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতিতে আমরা ভোরে ৬ জন শিশুকে হারিয়েছি।”
পরে ময়নাতদন্ত না করেই শিশুদের মরদেহ নিয়ে যান অভিভাবকরা।
পরে এক শিশুর বাবা অবহেলার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে।
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা অভিভাবক তাদের একটু সচেতন হওয়া দরকার। ময়নাতদন্ত না করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নাও করা যায়। তবে পরে লাশ উত্তোলন করেও ময়নাতদন্ত করা যায়। এটা বাদী পক্ষকে উদ্যোগ নিতে হবে, এটা তাদের কর্তব্য।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “সেখানে স্বাস্থ্যমন্ত্রী এবং তার টিম গিয়েছিল। আমি যতটুকু শুনেছি ওখানে এয়ারকন্ডিশন বোধহয় চালু ছিল না। সম্ভবত এক বাচ্চার মা বেশি ঠাণ্ডা লাগার কারণে এসি বন্ধ করতে বলেছেন।
“সম্ভবত সময়মত আর এসি চালু করেনি। সাপোকেশনে মারা যেতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, এটা তদন্ত হচ্ছে। গ্যাস লিক হতে পারে, তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
সীমান্তে হত্যা
সীমান্ত সমস্যা নিয়ে তিনি বলেন, “বিজিবি-বিএসএফ পর্যায়ে এবার যে বৈঠক হবে, সেখানে সীমান্ত বিষয়ে আলোচনা হবে, উভয়পক্ষের কী কী সমস্যা আছে। সংশ্লিষ্ট সব বিষয় উত্থাপিত হবে। এটা রেগুলার ইস্যু।”
সীমান্তে হত্যা বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন, সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্যদেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে বা জিরো লাইনে এসে যদি কিলিং করে তাহলে সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি।
“যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনোরকম কোনো অপরাধে জড়িত থাকে, কেউ অবৈধভাবে প্রবেশ করে সেটা কীভাবে সমাধান করবে, এটা তাদের দেশীয় আইনে পড়বে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না।”
পুশইন বা পুশ ব্যাকের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে বিজিবি প্রস্তুত আছে।
“তবে তারা (ভারত সরকার) যদি বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে সে অনুযায়ী তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় পরবর্তীতে সে অনুযায়ী সেটা আইনানুগভাবে হবে।”
রামিসা হত্যাকাণ্ড
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ড এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, “রামিসা হত্যার ঘটনা এখন বিচারাধীন বিষয়, কোনো মন্তব্য করা বা আলোচনা করা ঠিক নয়।
“আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা করা দরকার সাক্ষীদের নেওয়া, এটা করছে। সবার প্রত্যাশা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচারকার্য শেষ হোক, আমরা সেটা করছি।”
এ ঘটনায় ডলার নামে একজনের কথা উঠেছে। জবাবে তিনি বলেন, এ তথ্য তাদের কাছে নেই।
মুন্সীগঞ্জের গজারিয়ায় দল বেঁধে ধর্ষণের পর হত্যার ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, “এই ঘটনায় অগ্রগতি আছে, চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”
যানজট নিরসনে এআই ব্যবহার
ঢাকা যানজটের নিরসনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই পদ্ধতি ব্যবহার শুরু হওয়ায় ঢাকায় ট্রাফিক সিস্টেমের ব্যাপক উন্নতি হয়েছে। আরো ইন্টারসেকশনে এটা ব্যবহার করার চেষ্টা চলছে।”
এই পদ্ধতিকে একটা বৈপ্লবিক পরিবর্তন বললে ভুল হবে না বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গভীররাতেও গাড়ি দাঁড়িয়ে থাকে। তারা আইন মানছে বা মানতে বাধ্য হচ্ছে।”
ব্যাটারিচালিত রিকশা
ঢাকার রাস্তায় প্রচুর ব্যাটারিচালিত রিকশা চলছে, যারা সড়কের নিয়ম মানছে না, সে কারণে দুর্ঘটনা ঘটছে বলে সমালোচনা রয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, “পুনর্বাসন না করে এটা বন্ধ করে দিলে হাজার হাজার লোক বেকার হবে। এটাও একটা সমস্যা দেখা দিবে। আমরা চেষ্টা করছি, নগরীর বাইরে অন্যভাবে তাদের জন্য ব্যবস্থা করার, যেন বেকারত্ব সৃষ্টি না হয় এবং আমাদের ট্রাফিকেরও সমস্যা না হয়।”
জঙ্গল ছলিমপুর
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল ছলিমপুর এলাকায় অবৈধ বসতি, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেখানের বিষয়ে সরকারের যে পরিকল্পনা আছে সেটা এখনই বলতে চাচ্ছি না। এগুলো ফাঁস হলে সমস্যা হবে।”
যারা সেখানে বসবাস করছেন, তাদেরকে উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই তুলে ধরে তিনি বলেন, “তারা যেভাবে হোক সরকারি খাস জমিতে বসবাস করছে। আমরা তাদের বলেছি আমরা তোমাদের উচ্ছেদ করবো না। তবে সেখানে যদি সরকারি স্থাপনা হয় বা কোনো সরকারি কার্যক্রম চলে তখন প্রয়োজন অনুসারে তাদেরকে পুনর্বাসন করা হবে। সেটা সেখানে ঘোষণা দেওয়া হয়েছে।
“তবে সেখানে সন্ত্রাসীদের কোন আস্তানা থাকবে না, এটা নির্মূল করা হবে।”
আরো পড়ুন:
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: 'চিকিৎসক, নার্স কেউই ছিলেন না'
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি আদ-দ্বীন মেডিকেল