শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি: দুই ঘণ্টা পর সায়েন্স ল্যাবরেটরি মোড় ছেড়েছেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সময় রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মিরপুর সড়ক ছাড়াও আশেপাশের সড়কগুলো দিযে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দুই দফায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থী হতাহতের জেরে দেরি করে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণার প্রতিবাদে সরকারের এই উপদেষ্টার পদত্যাগ চাইছেন তারা।
দুই ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক।
মঙ্গলবার দুপুরে এবং এর আগে সোমবার মধ্যরাতে ঢাকা কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই ঘটনায় বিক্ষোভ করে।
ওসি মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত করার ঘোষণার পরপরই রাত আড়াইটার দিকে বেশ কিছু শিক্ষার্থী রাস্তায় নেমে পড়ে। তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধাঘন্টা অবস্থানকালে বিক্ষাভ করে।”
মধ্যরাতের এই বিক্ষাভের সময় তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করে বলে জানিয়েছেন ওসি মাহফুজুল।
তিনি বলেন, “পরে আমরা বুঝিয়ে তাদের রাস্তা ছাড়া অনুরোধ করলে রাত ৩টার দিকে চলে যায়।”
পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, একই দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা আবার রাস্তায় নামে এবং সায়েন্স ল্যাররেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছে।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সময় রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মিরপুর সড়ক ছাড়াও আশেপাশের সড়কগুলো দিযে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট তৈরি হলে ভোগান্তিতে পড়েন এসব সড়কে চলাচলকারীরা।
ওসি বলেন, “প্রায় দুই ঘন্টা অবস্থানকালে শিক্ষার্থীদের বোঝানো হয়। জনদুর্ভোগের কথা বলা হয়। অনেক বোঝানোর পর বেলা দেড়টার দিকে তারা ঘটনাস্থল থেকে চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।”
তবে যানজটের প্রভাব বেলা ৩টার পরেও দেখা গেছে ওই সড়কগুলোয়।
