চট্টগ্রাম-২: সরোয়ার আলমগীরের নামে গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ
আদালতের রায়ের পরেই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম-ঠিকানাসহ ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার হাই কোর্টের রায় আসার পর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ইসি সচিবালয়।
গেজেট প্রকাশের পরই নব নির্বাচিত সংসদ সদস্যের শপথ আয়োজনের বিষয়ে সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে সরোয়ার আলমগীরের শপথবাক্য পাঠ করার কথা।
১২ ফেব্রুয়ারির ভোটে বিএনপির এ প্রার্থী নির্বাচিত হলেও প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার নিষ্পত্তি না হওয়ায় গেজেট করেনি।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ সারোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দেন।
এর ফলে তার ফলাফল প্রকাশ ও শপথ নেওয়ার বাধা কেটে যায়।
