১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদেশের মিশনে ‘শিক্ষা কূটনীতি’ সেবা, নারী শ্রমিকদের জন্য হটলাইনের প্রস্তাব

দুটি প্রস্তাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত সম্মতি পাওয়া গেছে

বিদেশের মিশনে ‘শিক্ষা কূটনীতি’ সেবা, নারী শ্রমিকদের জন্য হটলাইনের প্রস্তাব
ছবি: মিডল ইস্ট আই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 09:06 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষা কূটনীতি’ সেবা এবং নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

দুটি প্রস্তাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত সম্মতি পাওয়া গেছে বলে তথ্য দিয়েছেন কমিটির সভাপতি সংরক্ষিত নারী আসনের সংসদ জহরত আদিব চৌধুরী।

জাতীয় সংসদ ভবনে রোববার কমিটির প্রথম বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জহরত আদিব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি নতুন প্রস্তাবের বিষয়ে মন্ত্রণালয় ইতিবাচক সাড়া দিয়েছে। এর একটি বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা কূটনীতি সেবা চালু করা। অন্যটি প্রবাসী নারী শ্রমিকদের হয়রানি বা কোনো জরুরি ঘটনার সময় সহায়তা দিতে টোল ফ্রি নম্বর বা বিশেষ হটলাইন চালু করা। 

“দুটি প্রস্তাবই মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগতভাবে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও কমিটিকে জানানো হয়েছে।”

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশের মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা এবং নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্মতি দিয়েছেন। 

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে কি না প্রশ্নে জহরত আদিব বলেন, “এ বিষয়ে নতুন কোনো তথ্য কমিটি পায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত সপ্তাহে যে অবস্থান জানিয়েছিলেন, বৈঠকেও মূলত সেটিই তুলে ধরা হয়েছে।

“পরিস্থিতি অনুকূল হলে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকেও একই অবস্থান জানানো হয়েছে।” 

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কী হতে পারে, তা পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার জন্য রাখা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন এবং সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করে মন্ত্রণালয়। কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করতে কমিটির সদস্যরা বিভিন্ন মতামত এবং পরামর্শ দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব নেওয়ার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।

জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।

কমিটির সভাপতির আমন্ত্রণে বিশেষ আমন্ত্রিত হিসেবে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও বিদেশে থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।