খালেদার মৃত্যু: সমবেদনা জানাতে বাংলাদেশ হাই কমিশনে যাচ্ছেন রাজনাথ
এর আগে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে তারেক রহমানকে সমবেদনা জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যাবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার কথা রয়েছে রাজনাথ সিংয়ের।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে বুধবার ঢাকায় আসনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরপরই এক এক্স পোস্টে শোক জানান নরেন্দ্র মোদী।
সেদিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আনুষ্ঠানিক পত্র দেন ভারতের প্রধানমন্ত্রী। তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘প্রিয় তারেক রহমান সাহেব’ সম্বোধন করে মোদী লিখেছেন, “আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময়ে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক—এই কামনা করি।”
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির এসব উদ্যোগকে বিএনপির নতুন নেতৃত্বের প্রতি দিল্লির একটি কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
