Published : 04 Oct 2025, 09:32 PM
ত্রাণ নিয়ে গাজা অভিমুখী আরেকটি নৌযানের বহরে থাকা আলোকচিত্রী শহীদুল আলমের প্রশংসা করে তাকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করেছেন তারেক রহমান।
শনিবার ফেইসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন মন্তব্য করে সব সময় ফিলিস্তিনিদের পাশে তার দলের থাকার কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি লেখেন, “বিএনপি সবসময় তার সঙ্গে এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।”
গাজায় ইসরায়েলের চলমান অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন অধিকারকর্মীরা। এর অংশ হিসেবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একটি নৌবহর গাজা অভিমুখে যাত্রার পর ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ে। এগুলোতে থাকা অধিকারকর্মীদের আটক করা হয়।
এরপর আরও ১১টি জাহাজের আরেকটি নৌবহর গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে, যেটির আয়োজক আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। এ বহরে থাকা ‘কনশানস’ নামের জাহাজটিতে রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। এতে আছেন ২৫ দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী। এ বহর গত বুধবার যাত্রা করে।
ফেইসবুকে পোস্টে শহীদুল আলমের প্রশংসা করে তারেক রহমান লেখেন, “বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।”