১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমের অবদান রয়েছে: প্রধান বিচারপতি

“গণমাধ্যমকমীরা খবর প্রকাশ করে জনগণের কাছে পৃথক সচিবালয়ের গুরুত্ব তুলে ধরেছেন,” বলেন তিনি।

বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমের অবদান রয়েছে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 08:20 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার লড়াইয়ে গণমাধ্যমের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের লড়াইয়ে গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। গণমাধ্যম কমীরা বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের জনগণের কাছে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন; দেশের মানুষকে সচেতন করেছেন।” 

গণমাধ্যম সহযোগিতা না করলে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সম্ভব হতো না বলে মনে করেন তিনি।

এ সময় প্রধান বিচারপতি বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যালয় উদ্ধোধন করা হবে বলে সাংবাদিকদের জানান।

সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরুকে সামনে রেখে এসআরএফের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ক্রেস্ট দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা। প্রধান বিচারপতির উদ্দেশে মানপত্র পাঠ করেন এসআরএফ সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। 

এ সময় অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, এসআরএফ সহ-সভাপতি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, জ্যেষ্ঠ সদস্য দিদারুল আলম, যুগ্ন সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ফকির ও অফিস সম্পাদক মো. মাঈনুল আহসান উপস্থিত ছিলেন।