Published : 12 Oct 2025, 12:20 PM
বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার বেলা সাড়ে ১১টায় সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।
বাসস লিখেছে, ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টার এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রে তাদের বৈঠকে ইতালিতে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা হয়।
বিশ্ব খাদ্য ফোরামের এবারের আয়োজন চলবে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত।
আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে ।
এর আগে গত মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। নয় দিনের সফর শেষে গত ২ অক্টোবর তিনি দেশে ফেরেন।