২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এক রাতে ঢাকার সড়কে ঝরল ৫ প্রাণ

নিহতদের মধ্যে তিনজন সড়কে দাঁড়িয়ে ছিলেন, দুজন ছিলেন বাইকে।

এক রাতে ঢাকার সড়কে ঝরল ৫ প্রাণ
প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 12:33 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

ঢাকার আজমপুর ও জাহাঙ্গীর গেইট এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।

রাত ২টার দিকে আজমপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী একটি ট্রাক চাপায় তিনজন নিহত হয় বলে জানিয়েছেন উত্তর পূর্ব থানার ওসি গোলাম মোস্তফা।

তিনি বলেন, নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। স্থানীয় একটি হাসপাতালে স্বজনকে দেখে খিলক্ষেতের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক জব্দের পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতরা হলেন- জাভেদ আলম (৫৫) এবং তার দুই ভাগনে নাঈম হক (৩২) ও ফাহিম (২৩)।

ব্যবসায়ী জাভেদের ভাগ্নে ফাহিম আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আর নাঈম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এদিকে রাত ৩টার দিকে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেইটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেইটের দিকে যাচ্ছিল আর মাইক্রোবাসটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোরানোর সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

“এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে পালিয়েছে চালক।”