১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার কমল

কর সুবিধার বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় বিনিয়োগ বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 09:24 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোম্পানি কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। 

সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থবিলের সংশোধনীতে এ বিষয়ে প্রস্তাব করা হলে তা কণ্ঠভোটে পাস হয়। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে করহার ছিল ১৫ শতাংশ। 

অন্তবর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরে তা কমিয়ে ১০ শতাংশ করেছিল। দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট প্রস্তাবে বর্তমান সরকার তা বহাল রাখে। পরবর্তীতে সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে তা কমিয়ে ৫ শতাংশ করা হল।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সকালে সংসদ অধিবেশন শুরু হয়। প্রথমে বাজেট আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এর পর সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন। 

তিনি বলেন, “কর সুবিধার বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করতে হবে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ সম্প্রসারণ করতে হবে।”

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৬টি। এর মধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।