Published : 25 Nov 2025, 11:59 PM
দেশের সব সরকারি এবং মেট্রোপলিটন ও জেলা-উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে পাঁচ দিনে অনলাইনে আবেদন করেছেন ৩ লাখ ৫৯ হাজার ৬ জন শিক্ষার্থী।
ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য দিয়েছেন।
মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সারা দেশে ৬৮৮টি সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনে ভর্তি হতে এখন পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি আসন পছন্দ দিয়েছেন।
“৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসনে ভর্তির আবেদন করেছেন ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী, যারা পছন্দ দিয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৬২টি আসনে।”
প্রতিবছরের মত এবারও সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ বেশি, এ স্কুলগুলোর মোট আসন সংখ্যার দ্বিগুণের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।
আর বেসরকারি স্কুলগুলোতে আসনের তুলনায় ভর্তির আবেদন পড়েছে কম।
২১ নভেম্বর সকাল ১১টা থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। আগামী ৫ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করার সুযোগ পাবেন।
অনলাইনে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সব সরকারি এবং মহানগর ও জেলা-উপজেলা সদরের বেসরকারি স্কুলগুলোতে ভর্তি হতে আলাদা আলাদা আবেদন করতে হবে শিক্ষার্থীদের। ভর্তি বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, ১০০ টাকা ফিয়ের বিনিময়ে অনলাইনে আবেদনে তারা ৫টি স্কুলের আসন পছন্দক্রম দিতে পারবেন। ডাবল শিফটের স্কুলে উভয় শিফট পছন্দ হিসাবে দিলে দুইটি পছন্দক্রম গণ্য হবে।