Published : 16 Jun 2026, 10:36 PM
মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার বিষয়ে ঢাকায় তিন দিনের কর্মশালা শুরু হয়েছে।
ইউনেস্কোর আয়োজনে ঢাকার একটি হোটেলে মঙ্গলবার এই কর্মশালা শুরু হয়েছে বলে জাতিসংঘের সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
‘গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জনশৃঙ্খলা বজায় রাখা’ শিরোনামে এ কর্মশালা চলবে ১৮ জুন পর্যন্ত। সেখানে ২৭ পুলিশ কর্মকর্তা এবং ১৬ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
উদ্বোধন অধিবেশনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা এবং জনশৃঙ্খলা বজায় রাখা—উভয়ই একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি। আমাদের চ্যালেঞ্জ হলো, এ দুটি উদ্দেশ্য যেন পরস্পরের পরিপন্থি না হয়ে একে অপরকে শক্তিশালী করে।
“পুলিশ ও গণমাধ্যমের ভূমিকা ভিন্ন হলেও তারা পরস্পরের পরিপূরক। উভয়েই একটি নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজ গঠনে অবদান রাখে।”
কর্মশালায় বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিস প্রধান সুসান ভাইজ বলেন, “শক্তিশালী প্রতিষ্ঠান এবং শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা কখনো একে অপরের প্রতিপক্ষ হওয়া উচিত নয়। তারা নাগরিকদের কল্যাণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অংশীদার।”