১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষালোক সম্মাননা পেলেন ৩ গুণী

“আমাদের শিক্ষাকে বিশ্বমানের করতে সরকার ও নীতিনির্ধারকদের যথাযথ উদ্যোগ নিতে হবে,” বলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 12:44 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

শিক্ষা, সাহিত্য ও পাঠাগার আন্দোলনে বিশেষ অবদান রাখায় ‘শিক্ষালোক সম্মাননা’ পেলেন শিক্ষাবিদ শহিদুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব এবং সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান।

শুক্রবার ঢাকার শ্যামলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপ কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিক্ষালোক’ লেখক-শিল্পী সম্মিলনে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সিদীপ-এর শিক্ষা বিষয়ক ত্রৈমাসিক বুলেটিন ‘শিক্ষালোক’র যুগ পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, “ব্রিটিশ আমলে প্রবর্তিত চলমান শিক্ষাব্যবস্থাকে ধীরগতিতে পরিবর্তন করতে হবে। এগুলো রাতারাতি পরিবর্তন করা যায় না। 

“আমাদের শিক্ষাকে বিশ্বমানের করতে সরকার ও নীতিনির্ধারকদের যথাযথ উদ্যোগ নিতে হবে।”

সম্মাননা গ্রহণের পর অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, “শিক্ষালোকের এই সম্মাননা পেয়ে আমি আনন্দিত। কারণ তাদের উদ্যোগের মধ্যে আন্তরিক ভালোবাসা রয়েছে।”

কবি সৈকত হাবিব ও পাঠাগার সংগঠক আবদুস ছাত্তার খানও শিক্ষালোকের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

শিক্ষালোকের প্রধান সম্পাদক ও সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা বলেন, শিক্ষালোকের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শিক্ষালোক সম্পাদক ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আহমদ বশীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আলমগীর খান।