এখনও ঈদের আমেজ সচিবালয়ে
অনেকে গ্রাম থেকে সরাসরি অফিসে এসেছেন।
রোজার ঈদের এক সপ্তাহ ছুটি শেষে মঙ্গলবার সচিবালয় খুললেও ঈদের আমেজ এখনও কাটেনি।
এদিন সকাল সাড়ে ৮টা থেকে অফিসে আসতে শুরু করেন সরকারি চাকুরেরা; প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন সকাল ৯টায়।
অফিসে ফেরা কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়; অনেকে গ্রাম থেকে সরাসরি অফিসে ফেরায় সঙ্গে ছিল ট্রাভেল ব্যাগ।
এ সপ্তাহের শেষ দিন স্বাধীনতা দিবসের ছুটি থাকায় আগের দুই দিন ছুটি নিয়ে অবকাশের সময় দীর্ঘ করেছেন অনেকেই। এ কারণে আগের কর্মচাঞ্চল্য এখনো ফেরেনি।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, দিনের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকের পর আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারকে বেরিয়ে আসতে দেখা যায়।
এদিনই দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে সরকারপ্রধানের একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
ঈদের আগে ১৬ মার্চ সোমবার ছিল শেষ কর্মদিবস। এবছর রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে সাতদিন করে সরকার। শবে কদর ও ঈদের ছুটির মাঝে একদিন কর্মদিবস থাকায় তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
