১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লুটের অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, ভোটের আগে স্মরণ করাল পুলিশ সদর দপ্তর

এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগার পর জানা গেছে সেখানকার ভোল্ট ভেঙে অস্ত্র লুট হয়েছে।

লুটের অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, ভোটের আগে স্মরণ করাল পুলিশ সদর দপ্তর
২০২৪ সালের ৫ অগাস্ট এবং তারপর লুট হওয়া এসব অস্ত্র পরে উদ্ধার করা হয়। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 03:37 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

জুলাই অভ্যুত্থানের সময় থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে পুরস্কারের যে ঘোষণা দেওয়া হয়েছিল, জাতীয় নির্বাচনের আগে তা স্মরণ করিয়ে দিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুরস্কার ঘোষণার প্রায় আড়াই মাস পরেও লুট হওয়া অস্ত্রের তথ্য দিয়ে কেউ পুরস্কার পেয়েছেন, পুলিশের কাছ থেকে এমন তথ্য আসেনি।

এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগার পর জানা গেছে সেখানকার ভোল্ট ভেঙে অস্ত্র লুট হয়েছে।

এ অবস্থায় বুধবার পুলিশ সদর দপ্তর এক বার্তায় পুরস্কার ঘোষণার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হল।

বার্তা বলা হয়েছে, এলএমজির তথ্য দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবেন সরকার। এসএমজির জন্য দেড় লাখ টাকা ও চায়না রাইফেলের ক্ষেত্রে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এছাড়া পিস্তল ও শটগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা এবং প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার মিলবে সরকারের কাছ থেকে।

তার আগে গেল ২৫ অগাস্ট আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লুট হওয়া অস্ত্র উদ্ধারে এই পুরস্কার ঘোষণা করে বলেছিলন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

গতবছর ৫ অগাস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর হামলা চালানো হয় দেশের থানা-ফাঁড়ি, পুলিশের বিভিন্ন স্থাপনায়। লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব। পুলিশের গাড়ি পোড়ানোসহ লুট করা হয় অস্ত্র-গুলি।

তার তিন দিন পরে লুট হওয়া অস্ত্র জমা দিতে অনুরোধ জানায় পুলিশ সদর দপ্তর।

আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বেঁধে দিয়ে বাহিনীটি বলেছিল, এরপর কারও কাছে পুলিশের লুট হওয়া অস্ত্র পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

তখন পর্যন্ত লুট হওয়া ১ হাজার ৮৯০টি অস্ত্র, ৯২ হাজার রাউন্ড গুলি, ২ হাজার ৮৮০টি টিয়ারশেল ও ২৯৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধারের তথ্য দিয়েছিল পুলিশ।

নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রচারাভিযান শুরু করেছে সরকার।

আগের খবর:

লুটের অস্ত্রের তথ্য দিলে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার

পুলিশের লুট করা অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে না দিলে ব্যবস্থা