Published : 18 Aug 2026, 01:05 PM
এক যুগ আগে ঢাকার কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে সাত বছরের এক শিশুকে অপহরণের মামলায় ইমাম হোসেন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার এ রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জর্জ বলেন, “যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।
“আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।”
রায় ঘোষণার সময় ইমাম হোসেন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ইব্রাহীম শেখের ৭ বছর বয়সি কন্যা কেরাণীগঞ্জের খেজুরবাগ নূরবাগ হাই স্কুলের গেটের সামনে বান্ধবীদের সঙ্গে খেলছিলেন। ২০১৪ সালের ১৫ অক্টোবর বেলা ১১টার দিকে ইমাম হোসেনসহ ৩-৪ জন নদীর পাড়ে মেলা দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে যায়। তারা শিশুটিকে কেরাণীগঞ্জের নারিকেলবাগ কাশবনে নিয়ে যান। সেখানে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে, সেই সঙ্গে ইমাম হোসেনকে আটক করে।
ঘটনার পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ইব্রাহীম শেখ। একই বছরের ৩০ নভেম্বর ইমাম হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন এ থানার এসআই মুকুল রঞ্জন। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত চারজনের সাক্ষ্যগ্রহণ করে।
আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা করা হল।