১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উত্তরায় ছিনতাইকারী ধরে কূল পাচ্ছে না র‌্যাব

“আমরা নিয়মিত গ্রেপ্তার অভিযান চালাচ্ছি। কিন্তু চারপাশে এত বস্তি থাকার কারণে কোনো না কোনোভাবে আবার সেটা রিফিল হয়ে যাচ্ছে।”

উত্তরায় ছিনতাইকারী ধরে কূল পাচ্ছে না র‌্যাব
সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 04:25 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুরের সড়কে ছিনতাইকারী ও মাদক কারবারীদের ধরতে র‌্যাব নিয়মিত অভিযান চালালেও সেই শূন্যস্থান দ্রুত পূরণ হয়ে যাচ্ছে বলে মনে করছেন এ বাহিনীর একজন কর্মকর্তা। 

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী বলেছেন, “আমরা নিয়মিত গ্রেপ্তার অভিযান চালাচ্ছি। কিন্তু চারপাশে এত বস্তি থাকার কারণে কোনো না কোনোভাবে আবার সেটা রিফিল হয়ে যাচ্ছে।”

মঙ্গলবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এমন মন্তব্য আসে। 

সংবাদ সম্মেলনে মূলত গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বামী ছায়েদুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য জানানো হয়। এর ফাঁকে উত্তরার ছিনতাই পরিস্থিতির প্রসঙ্গটি উঠে আসে।

উত্তরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‍্যাব-১ অধিনায়ক বলেন, “উত্তরা বিভাগের পুলিশ গত দুই দিন অভিযান চালিয়েছে। প্রথম দিনে ৮২ জন এবং গতকাল প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহে আমরা টঙ্গী রেল স্টেশন ও মাজার বস্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৭ জনকে গ্রেপ্তার করেছি। ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

চলতি বছর এ পর্যন্ত উত্তরা ও আশপাশের এলাকা থেকে ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক কারবারীসহ প্রায় ১ হাজার ২০০ অপরাধীকে গ্রেপ্তারের তথ্য দেন র‍্যাবের এই কর্মকর্তা।

ছিনতাইকারীদের ‘আশ্রয় ও প্রশ্রয়দাতাদের’ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা বেশ কিছু তথ্য পাচ্ছি। যারা পেছন থেকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। আমরা কিছু নাম পেয়েছি, তবে তদন্তের স্বার্থে তা গোপন রাখা হচ্ছে।”

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছায়েদুল ইসলাম।

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছায়েদুল ইসলাম।

‘মাদকের টাকার জন্য’ স্ত্রীকে খুন

এর আগে সংবাদ সম্মেলনে শ্রীপুরের হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম।

তিনি বলেন, রোববার গভীর রাতে শ্রীপুর পৌর এলাকায় ভাড়া বাসায় খুন হন পোশাককর্মী নাসিমা আক্তার (২৭)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তার স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে র‍্যাব। এই দম্পতি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।

র‍্যাব বলছে, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার জন্য তিনি নিয়মিত নাসিমার কাছে টাকা চাইতেন। 

রোববার নাসিমা কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফিরেছিলেন। রাতে ছায়েদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। 

লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম বলেন, “একপর্যায়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।”

হত্যাকাণ্ডের সময় তাদের ৮ বছর বয়সী মেয়ে ও ৫ বছর বয়সী ছেলে ঘরেই ছিল এবং তাদের সামনেই এ ঘটনা ঘটে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। 

গ্রেপ্তার ছায়েদুল ইসলামের বিরুদ্ধে অপরাধের পুরনো কোনো রেকর্ড আছে কি না জানতে চাইলে র‍্যাব-১ অধিনায়ক বলেন, “তার বিরুদ্ধে আগের কোনো মামলার রেকর্ড নেই। তবে তিনি নিয়মিত মাদক সেবন করতেন।”