Published : 11 Feb 2026, 12:04 AM
স্টল ভাড়া ৫৫ শতাংশ কমিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা শুরুর সিদ্ধান্তে রাজি নয় ‘প্রকাশক ঐক্য’।
প্রকাশকদের এ সংগঠনটি বলছে, ‘নিশ্চিত লোকসানের মুখে’ বিপুল পরিচালনা ব্যয়ের এ মেলায় অংশ নিতে ‘অধিকাংশ প্রকাশক সম্মত নন’।
মঙ্গলবার বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। এতে প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের নিকট বিভিন্ন দাবি পেশ করেন।
সভায় বইমেলার স্টল ভাড়া ৫৫% মওকুফের সিদ্ধান্ত জানানো হয় সরকারের পক্ষ থেকে।
পরে ‘প্রকাশক ঐক্য’ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রকাশকদের পক্ষ থেকে ভাড়ার ১০০% মওকুফ এবং স্টল ও প্যাভেলিয়ন নির্মাণ ব্যয়ে সরকারি ভর্তুকি প্রদানের দাবি জানানো হয়েছিল, মন্ত্রণালয় তাতে অসম্মতি জ্ঞাপন বা অপারগতা প্রকাশ করেছে।
“প্রকাশকদের মূল আপত্তি কেবল ভাড়া নিয়ে ছিল না। তাদের আপত্তি ছিল মেলার সময়সূচি নিয়ে। নির্বাচন ও নতুন সরকার গঠন পরবর্তী সময়, রোজার বন্ধে পাঠকশূন্য মেলায় ৫৫ শতাংশ কেন, ১০০ শতাংশ ভাড়া মওকুফ করলেও প্রকাশকদের পুঁজি (বই ছাপা, কর্মীদের বেতন, ডেকোরেশন) উঠে আসবে না। একটি প্রাণহীন মেলা আয়োজনের সরকারি সিদ্ধান্তের দায়ভার প্রকাশকরা নিতে পারবেন না।”
বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভায় ২০শে ফেব্রুয়ারিতে মেলা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে অনেক প্রকাশক স্টল ভাড়ার টাকাও পরিশোধ করেছেন। মেলা ২০শে ফেব্রুয়ারি শুরুর ব্যাপারে আমাদের প্রস্তুতি অব্যাহত আছে।
“ইতোমধ্যে যে সকল প্রকাশক স্টল ভাড়ার টাকা একাডেমিতে জমা দিয়েছেন, তাদের জমাকৃত অতিরিক্ত টাকা বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। যারা এখনো টাকা জমা দেননি, তারা নবনির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।”