Published : 24 Feb 2026, 11:48 PM
চট্টগ্রামে হালিশহরের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরেকজন মারা গেছেন।
৩০ বছর বয়সী আশুরা আক্তার পাখি শরীরের শতভাগ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার রাত পৌনে ১১ টায় তিনি মারা যান বলে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন।
এর আগে দুপুর ১২টার দিকে ৪০ বছর বয়সী সামির আহমেদের মৃত্যু হয়, কয়েক ঘণ্টার ব্যবধানে সামিরের স্ত্রী পাখিও চলে গেলেন।
একইদিন সকাল ৭টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন ১৬ বছর বয়সী শাওন মারা যায়। শাওন সম্পর্কে সামিরের ভাতিজা।
সোমবার গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে শাওনের মা ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী মারা যান।
এ নিয়ে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হল, বাকি পাঁচজনই ‘আশঙ্কাজনক’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে চিকিৎসকরা জানান।
সোমবার ভোর সাড়ে ৪টায় হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। তারপর শরীরে আগুন নিয়ে ঘর থেকে একে একে সবাই বের হয়ে আসেন বলে প্রতিবেশীরা জানিয়েছিলেন।
দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ নয়জন দগ্ধ হন; তারা সে সময় সেহরি করছিলেন।
মৃত রানী, শাওন, সামির ও পাখি ছাড়া দগ্ধ বাকিরা হলেন- রানীর স্বামী গৃহকর্তা সাখাওয়াত (৪৬), তার আরেক সন্তান উম্মে আইমান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোটভাই সামিরের দুই সন্তান আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬), সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসাইন (৩১)।
দুর্ঘটনার পরপর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সবার অবস্থাই ‘আশঙ্কাজনক’ বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা তখন জানিয়েছিলেন।
চিকিৎসাধীন সাখাওয়াতের শরীরের শতভাগ পুড়েছে। এছাড়া শিপনের ৮০, আইমানের ৩৮, আনাছের ৩০ ও আয়েশার ৪৫ শতাংশ পুড়েছে।
পেশায় গ্যারেজ মালিক সাখাওয়াত হোসেন ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন দেড় বছর আগে। সেখানে তিনি দুই সন্তান, স্ত্রী এবং তার গ্যারেজের এক কর্মচারীসহ পাঁচজন থাকেন। কদিন আগে তার ছোট ভাই পরিবার নিয়ে তার বাসায় আসেন ডাক্তার দেখাতে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, রান্নাঘরে গ্যাস জমে ছিল, চুলার আগুন ধরাতে গিয়ে এ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগের খবর:
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চলে গেলেন আরেকজন, মৃত্যু বেড়ে ৩
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: ঢাকায় আনার পথে একজনের মৃত্যু
চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস 'বিস্ফোরণে' দগ্ধ ৯, সবার অবস্থা 'আশঙ্কাজনক'
চট্টগ্রামে হালিশহরে ভবনে ভয়াবহ বিস্ফোরণের সিসিটিভি ভিডিও
সেহরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, শরীরে আগুন নিয়ে বেরিয়ে আসেন সবাই