১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিবর্তিত দিনে স্কুল-কলেজে পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ

২৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলেও এবার ঈদুল আজহার ছুটি থাকায় তা ২৫ জুন পালনের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

পরিবর্তিত দিনে দিবসটি উদযাপন করতে সব স্কুল ও কলেজকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার আদেশ জারি করে সেসব কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।”

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দিয়ে বলা হয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। 

দিবসিটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেওয়া কর্মসূচিগুলো চিঠিতে জানানো হয়েছে। 

কর্মসূচিগুলো হল-

>> স্ব-স্ব শ্রেণিকক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠান আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা। 

>> সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপন ও বৃক্ষ পরিচর্যা করা।

>> পরিবেশ সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশবান্ধব সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা এবং বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বকে অর্থবহ করতে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা।

>> একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী বা  উপকরণ ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সেমিনারের আয়োজন করা।

>> পরিবেশ সু-রক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের করণীয়বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।