১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিরো আলমকে ‘হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন ম্যাক্স অভি

আদালতে হাজির না হওয়ায় অভি ও মিথিলার জামিন বাতিল করে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দিন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভি। 

তার পক্ষে জামিন শুনানিতে আইনজীবী কামরুল হাসান বলেন, “গতকাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিন আবেদন করেছে। জামিন পেলে পলাতক হবে না।”

পরে আদালত তার জামিনের আদেশ দেয় বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন।

বুধবার আদালতে হাজির না হওয়ায় অভি এবং সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। 

হত্যাচেষ্টার অভিযোগে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় এ মামলা করেন হিরো আলম।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকায় মূল সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ছয় ব্যক্তি তিনটি বাইকে এসে তার পথ আটকান। এরপর পাশের কাশবনে নিয়ে তাকে মারধর করা হয়।