শাহজালালে সোয়া ২ কোটি টাকার রুপার তৈজসপত্র, ওষুধ, মদ জব্দ
রোম, তুরস্ক এবং কাতার থেকে আসা তিন যাত্রীর ব্যাগ থেকে রূপার তৈজসপত্র, ওষুধ, মদ জব্দ করা হয়েছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকার রুপার তৈজসপত্র, বিভিন্ন ধরনের ওষুধ ও মদ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দারা।
সোমবার সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে ৫৪ কেজি রূপার তৈজসপত্র, ২৫ হাজার ৯৩৫টি বিভিন্ন ধরনের ওষুধ ও ১৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মালামালের বাজারমূল্য ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা।
রোম, তুরস্ক এবং কাতার থেকে আসা তিন যাত্রীর ব্যাগ থেকে এসব জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-৩৫৬) যাত্রীর ব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ৫৪ কেজি রুপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙা অংশ পাওয়া যায়; এসবের আনুমানিক বাজারমূল্য ১, কোটি ৬২, লাখ ৩ হাজার ৭০০ টাকা।
অন্যদিকে, তুরস্ক থেকে ঢাকায় আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (টিকে-৭১২) ফ্লাইটের যাত্রীর ব্যাগ স্ক্যান করে প্রাথমিকভাবে আমদানি নিয়ন্ত্রিত ওষুধ শনাক্ত করা হয়। পরে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৯৩৫টি ওষুধ জব্দ করা হয়। এসব ওষুদ্ধের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।
একইদিনে কাতার থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের (কিউআর-৬৩৮) তিন যাত্রীর কাছ থেকে ১৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া, চীনের গুয়াংজু থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-৩৬৭) দুজন যাত্রীর কাছ থেকে ১২টি নতুন মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশও আটক করা হয়েছে।
পরবর্তী আইনি কাজ এগিয়ে নিতে জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টম হাউসে জমা করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
