১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতীয় নাগরিক জগদীশকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

জালিয়াতির অভিযোগে এ মামলা করেন ‘লাম মীম অ্যাপারেলসের’ পরিচালক নজরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 08:57 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক জগদীশ সিংয়ের রিমান্ড ও জামিন— দুই আবেদনই নাকচ করে এক দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন। 

বাদী পক্ষের আইনজীবী তানভীর হাসান সোহেল বলেন, ঢাকার আশুলিয়া থানার মামলায় জগদীশ সিংকে আদালতে তুলে চার দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল হাসান। 

“বাদীপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। আসামি পক্ষের আইনজীবী আরিফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত দুপক্ষের আবেদন নাকচ করে কারাফটকে এক দিন জিজ্ঞাসাবাদের আদেয় দেয়।” 

এ আইনজীবী বলেন, প্রতারকদের এ চক্রে চার বাংলাদেশিও আছেন। 

রোববার রাত ১১টার দিকে ঢাকার উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে জগদীশকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, ভারতের এ নাগরিক ১০ থেকে ১১ বছর আগে বাংলাদেশি এক নারীকে বিয়ে করেন। তিন সন্তান আর স্ত্রী নিয়ে দক্ষিণ খানের আর্মি হাউজিং সোসাইটিতে থাকতেন।

গত ১৮ এপ্রিল ‘লাম মীম অ্যাপারেলসের’ পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলাম মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়, জগদীশ সিংসহ অন্য আসামির পরিকল্পিতভাবে ‘বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে’ জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি বানিয়ে সই জাল করেন এবং ৬১ হাজার ডলার আত্মসাতের চেষ্টা চালান।