দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য আসছে সিসিমপুরের বই
এই ব্রেইল বইগুলো দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের স্কুলগুলোতে বিনামূল্যে বিতরণের জন্য প্রকাশিত হচ্ছে।
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পড়ার উপযোগী করে ১০টি বই প্রকাশের উদ্যোগ নিয়েছে সিসিমপুর।
সিসিমপুরের জনপ্রিয় এসব বই ব্রেইল পদ্ধতিতে স্পর্শ ফাউন্ডেশন তৈরি করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই উপলক্ষে সম্প্রতি সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কার্যালয়ে সিসিমপুর ও স্পর্শ ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সিসিমপুরের কান্ট্রি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং স্পর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজিয়া জাবীন চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিমপুরের এই ব্রেইল বইগুলো দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের স্কুলগুলোতে বিনামূল্যে বিতরণের জন্য প্রকাশিত হচ্ছে। পরবর্তী সময়ে বইমেলাতে পাওয়া যাবে এসব বই।
এ সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, “বাংলাদেশের সকল শিশুর কাছে পৌঁছাতে চায় সিসিমপুর। ব্রেইল বই প্রকাশ করার মাধ্যমে আমরা আমাদের সেই লক্ষের দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম।”
সিসিমপুরের ব্রেইল বই প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্পর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজিয়া জাবীন বলেন, “এই উদ্যোগের ফলে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরাও এখন সিসিমপুরের মজার মজার বই পড়তে পারবে।”
