১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুলাই আন্দোলনের মামলা: ছাত্রলীগ নেতার পক্ষ নিলেন জামায়াতপন্থি আইনজীবী

আব্দুর রাজ্জাক বর্তমানে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক।

জুলাই আন্দোলনের মামলা: ছাত্রলীগ নেতার পক্ষ নিলেন জামায়াতপন্থি আইনজীবী
আইনজীবী আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 07:03 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

জুলাই আন্দোলনের সময়কার একটি মামলায় সাবেক ছাত্রলীগ নেতার পক্ষে দাঁড়িয়েছেন জামায়াতপন্থি এক আইনজীবী।

বুধবার আদালতে দাঁড়িয়ে এ আইনজীবী তার মক্কেলকে গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতাও করেন। 

ওই আইনজীবীর নাম আব্দুর রাজ্জাক। তিনি জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক। 

কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিকের হয়ে এ মামলায় লড়ছেন আব্দুর রাজ্জাক। 

জুলাই আন্দোলনের সময় মারধর ও হুমকির অভিযোগে কলাবাগান থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সালাউদ্দিন জাবেদ। 

এ মামলায় অনিক ও শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই সামছুল হক সুমন।

বুধবার এ আবেদনের শুনানিকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। 

অন্যদিকে অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুক রাজ্জাক। 

তিনি দাবি করেন, এ আসামির সংগঠনে কোনো পদপদবি নেই।

পরে ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বলে জানান শামছুদ্দোহা সুমন।

মামলার বিবরণী বলা হয়েছে, গত বছরের ১৭ জুলাই সকাল ১০টার দিকে সালাউদ্দিন জাবেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে রাসেল স্কয়ার থেকে সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছিলেন। কিন্তু কলাবাগান এলাকায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তর মোবাইল ফোন চেক করে। ফোনে আন্দোলনের ছবি ও ভিডিও পাওয়ায় তাকে মারধর করে এবং হুমকি-ধামকি দেয়।

গত বছরের ২৭ অগাস্ট এ মামলা করেন জাবেদ। পুলিশ ওই দিনই অনিককে এবং ২৪ ফেব্রুয়ারি মোস্তফা কামালকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।