১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শ্যামল দত্তসহ ৩ সাংবাদিককে নতুন মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো বা অন্যান্য অনুষ্ঠানে তারা উসকানিমূলক বক্তব্য দেন বলে ভাষ্য প্রসিকিউশনের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 06:22 PM

Updated : 16 Sep 2026, 05:10 PM

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের নতুন মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার প্রসিকিউশনের এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদ।

অন্য মামলায় কারাগারে থাকা এ তিন সাংবাদিককে আগামী ২৪ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করতে বলা হয়েছে।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে বলেছে, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক শেখ হাসিনাকে অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। চীন সফর নিয়ে সরকারি বাসভবন গণভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

ট্রাইব্যুনালের কৌঁসুলি ফারুক আহাম্মদ শুনানিতে বলেন, “২০২৪ সালের জুলাই-অগাস্ট অভ্যুত্থান ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো বা অন্যান্য অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দেন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। 

“এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে ইতোমধ্যে এই তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা।”

এ কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজিরা করার নির্দেশ চাওয়া হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে এবং তাদের হাজির করার নির্দেশ দেয়।

পরে কৌঁসুলি গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, “সংবাদ সম্মেলন করা বা সংবাদ সম্মেলনে প্রশ্ন করাই হলো সাংবাদিকদের দায়িত্ব। 

“কিন্তু আমরা ওই পিরিয়ডে দেখেছি যে, কিছু নির্দিষ্ট সাংবাদিক তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত হতেন এবং তারা যে বক্তব্যগুলো দিতেন সেগুলো আসলে কোনো প্রশ্ন ছিল না, সেগুলো ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা এবং তাকে দিয়ে কিছু কথা বলানোর জন্য কিছু উসকানিমূলক প্রস্তাব।”

তামীম বলেন, ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’, ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলেছিলেন।

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৪ মে মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়। এর বাইরে জুলাই আন্দোলনের কয়েকটি মামলায় এ তিন সাংবাদিক গ্রেপ্তার রয়েছেন। 

২০২৪ সালের ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপাকে আটক করা হয়। একই বছরের ৮ অগাস্ট একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।

অন্যদিকে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।