১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পোস্টাল ভোটিং: চার দিনে নিবন্ধন ১৫ হাজার ছাড়াল, রাতে শুরু দ্বিতীয় পর্ব

নির্বাচন কমিশন প্রথম পর্বের নিবন্ধন সময় বাড়িয়েছে ২৮ নভেম্বর পর্যন্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে থাকা ১৫ হাজারেরও বেশি ভোটার নিবন্ধন করেছে।

রোববার মধ্য রাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও আরও পাঁচ দিন অর্থাৎ ২৮ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন।

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধনের সময় দেওয়া হয় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের।

অ্যাপ চালুর পর রোববার বিকাল ৩টা পযন্ত  ৩৪টি দেশে ১৫ হাজার ৭৫ জন নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৮২১ জন এবং মহিলা ১ হাজার২৫৪। এরমধ্যে দক্ষিণ কোরিয়ায় ৬,৬৭৯ জন, জাপানে ৩,৭৩৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১,৮০৮ জন ও চীনে ১,১৫৫ জন রয়েছে। 

এদিন নির্বাচন কমিশনের নিবন্ধন https://portal.ocv.gov.bd/report পোর্টালে নিবন্ধনের এ তথ্য মিলেছে।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেন, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটাররা রোববার রাত ১২টা থেকে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশের নিবন্ধন প্রক্রিয়াও ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

রাত ১২টায় শুরু দ্বিতীয় পর্ব 

তথ্য অধিদপ্তর এক বার্তায় জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম ২৪ নভেম্বর রাত ১২টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হবে। 

এ ছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে; এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন:

পোস্টাল ভোটিংপ্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিনকোন দেশে কখন?

পরিপত্র জারিঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালটের 'ভোট

পোস্টাল ভোটিংঅ্যাপে যেভাবে নিবন্ধন করবেন প্রবাসীরা

পোস্টাল ভোটিংদুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন