০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ বিমান বিধ্বস্ত: নিহতের পরিবার ২০ লাখ করে ক্ষতিপূরণ পাচ্ছে

ভয়াবহ ওই দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণের পাশাপাশি বেশি আহতদের সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসাও দেবে সরকার।

যুদ্ধ বিমান বিধ্বস্ত: নিহতের পরিবার ২০ লাখ করে ক্ষতিপূরণ পাচ্ছে
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 07:18 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা করে এবং আহতদের পাঁচ লাখ টাকা করে দেবে সরকার।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে হতাহতদের ক্ষতিপূরণের বরাদ্দ অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলে বিফ্রিংয়ে জানিয়েছেন প্রেস সচিব শাফিকুল আলম।

ভয়াবহ ওই দুর্ঘটনায় বেশি আহতদের সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসাও দেবে সরকার।

উত্তরায় গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনের সামনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই শিশু।

এ ঘটনার সরকারি তদন্তে বলা হয়েছে, উড্ডয়ন ত্রুটির কারণে বিমানটি বিদ্ধস্ত হয়েছিল।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

পরে বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিমান দুর্ঘটনায় যারা শহীদ বা মারা গিয়েছেন তাদের প্রত্যেককে ২০ লাখ টাকা করে দেওয়া হবে। যারা আহত হয়েছেন তাদেরকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া যারা বেশি আহত তাদেরকে সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে।”

সেক্ষত্রে আহতদেরকে এককটি হেলথ কার্ড করে দেওয়া হবে বলে জানান প্রেস সচিব।

আরও পড়ুন

স্কুল ভবনে বিধ্বস্ত জঙ্গি বিমান, নিভে গেল বহু প্রাণ