১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুপেয় পানির সরবরাহ বাড়াতে ইউনিসেফকে পাশে চান মির্জা ফখরুল

ইউনিসেফের প্রতিনিধিরা বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ তুলে ধরেন, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 07:38 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

দেশে সুপেয় পানির সরবরাহ বাড়াতে ইউনিসেফের সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার সচিবালয়ে ইউনিসেফের ‘ওয়াশ’ প্রকল্পের প্রধান পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ প্রত্যাশার কথা তুলে ধরেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে, বিশেষত ঢাকা শহরে।"

বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যার পানি বিশুদ্ধকরণে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, "দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত।"

এ সমস্যা সমাধানে তিনি ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞীপ্ততে বলা হয়, ইউনিসেফের প্রতিনিধিরা বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 

জলবদ্ধতা নিয়ে দীর্ঘমেয়াদি উদ্যোগ চান মন্ত্রী

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, "ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করতে হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

"চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে, যাতে নগরবাসী দ্রুত এর সুফল ভোগ করতে পারে।"