১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হল-মার্কের কারাবন্দি এমডি তানভীরের মৃত্যু

দুপুর দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়, বলছে কারা কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 01:20 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ঋণ জালিয়াতির দায়ে কারাবন্দি হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ মারা গেছেন। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষের বার্তায় জানানো হয়েছে। 

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, এদিন দুপুর দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তানভীর রহমানকে হাসপাতালে পাঠানো হয়।  হাসপাতালে ভর্তি করানো হয় বিকাল ৪টার দিকে। 

তানভীর যে মামলায় কারাবন্দি ছিলেন, সেটি প্রায় এক যুগ আগের। অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই মামলা হয়। 

এ মামলায় ২০২৪ সালের ১৯ জুন রায় দেয় আদালত।  এতে তানভীর মাহমুদ এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। 

সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় ২০১২ সালে হল-মার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা হয়। 

এসব মামলার মধ্যে কয়েকটির রায় হয়েছে।  তবে সেসব মামলায় তানভীর মাহমুদ বা জেসমিন ইসলাম আসামি ছিলেন না।

এই দম্পতির সাজা হয় ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় করা দুদকের মামলায়।