২৫ কোটি টাকার সোনা জব্দ: রিমান্ড শেষে কারাগারে বিমানের সোয়েব
তার বাড়ি বরগুনার আমতলীতে।
ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ২৫ কোটি টাকার সোনা জব্দের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সোয়েব কাজী সজিবকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুক্রবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে এদিন ৩১ বছর বয়মি সোয়েবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন।
সোয়ের বরগুনার আমতলী থানার কাছুবানিয়া গ্রামের ফিরোজ কাজীর ছেলে।
মামলার বিবরণ অনুযাযী, গত ৫ সেপ্টেম্বর দুপুরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও সিআইডির উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সোয়েব তার শরীরে লুকানো সোনার বার দৌড়ে গিয়ে বিমানের কেবিনে ফেলে দেয়। পরে সেখান থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা।
এ ঘটনায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জামিল সারোয়ার আহাদ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
