১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অনলাইনে জুয়া-প্রতারণা: ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এসব ব্যাংক হিসাবে এক হাজার ২১২ কোটি টাকা জমা এবং এক হাজার ২০৭ কোটি টাকা তোলার নজির দেখা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 01:25 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

অনলাইন জুয়া এবং সাইবার স্পেসে প্রতারণায় ‘ব্যবহৃত’ ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।  

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ সোমবার এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, এদিন সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা এদিন ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, সিটি ব্যাংক পিএলসির সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে পাঁচটি হিসাবে মোট ৫১ লাখ ১২ হাজার টাকা নগদ জমা করেন বলে অভিযোগ পাওয়া যায়। 

“ওই অর্থের সঙ্গে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও তদসংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত মোট ৫৯৫টি ব্যাংক হিসাবে প্রায় এক হাজার ২১২ কোটি টাকা জমা এবং এক হাজার ২০৭ কোটি টাকা উত্তোলন করার নজির দেখা যায়। 

“লেনদেন পর্যালোচনায় হিসাবগুলোর সঙ্গে প্রতারণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এসব হিসাবের অর্থ অবরুদ্ধ করা খুবই জরুরি।”